জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা

ঘোষণা পাঠের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রেস উইং সূত্রে জানা যায়, পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা এবং নতুন সামাজিক চুক্তির অঙ্গীকার।

Aug 5, 2025 - 11:27
 0
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা

আন্তঃবাণী প্রতিনিধি:

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির নেতারা এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এদিকে ঘোষণা পাঠের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রেস উইং সূত্রে জানা যায়, পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা এবং নতুন সামাজিক চুক্তির অঙ্গীকার।

প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে ২০২৪ সালের গণজাগরণ ও সরকার পতনের আন্দোলনের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের মূলনীতি ও ভবিষ্যৎ রূপরেখা। মোট ২৬ দফা সুপারিশে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, নাগরিক অধিকার, বৈষম্যবিরোধী সংস্কারসহ বিগত এক বছরের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি সারসংক্ষেপ। ঘোষণাপত্রটি চূড়ান্ত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ১১টা থেকে দিনব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘৩৬ জুলাই উদ্যাপন’।

এবি/সিএস