জাকেরের লড়াকু ফিফটি, ১৩৩ রানে অলআউট বাংলাদেশ
পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একার হাতে লড়েছেন জাকের আলী। শেষ পর্যন্ত তাঁর ৫৫ রানের লড়াকু ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ দল।
স্পোর্টস ডেস্কঃ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুটা হয়েছিল ভীষণ হতাশাজনক। পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একার হাতে লড়েছেন জাকের আলী। শেষ পর্যন্ত তাঁর ৫৫ রানের লড়াকু ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ দল।
পাকিস্তানের নতুন পেসার আব্বাস আফ্রিদির করা শেষ ওভারের প্রথম ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন জাকের। ইনিংসের শেষ বলে আরেকটি ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি, তখন তাঁর সংগ্রহ ৪৮ বলে ৫৫ রান।
এর আগে জাকেরের সঙ্গে মেহেদী হাসান গড়েন ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি, যা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। মেহেদী আউট হন ২৫ বলে ৩৩ রান করে।
দলের বাকি ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ওপেনার মোহাম্মদ নাঈম ৭ বলে ৩ রান করে ফেরেন, অধিনায়ক লিটন দাস করেন মাত্র ৮ রান। পারভেজ, হৃদয়, শামীম, রিশাদ, তানজিম—সবারই ব্যাটে ছিল একরাশ নিস্তব্ধতা।
বল হাতে পাকিস্তানের হয়ে মির্জা, দানিয়াল ও আফ্রিদি নেন ২টি করে উইকেট।
প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি সিরিজ জয়ের সুযোগ ছিল। এখন দেখার বিষয়, এই স্কোর যথেষ্ট হবে কি না পাকিস্তানকে চাপে ফেলতে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৩৩/১০ (২০ ওভারে)
জাকের ৫৫ (৪৮), মেহেদী ৩৩ (২৫)
মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আফ্রিদি ২/৩৭
এবি/সিএস





