পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
আন্তঃবাণী ক্রীড়া প্রতিবেদকঃ
ঘরের মাঠে বদলা নিতে নেমেই পাকিস্তানকে ঘায়েল করলো টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
চলতি বছরের শুরুতে পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা সয়ে ফিরেছিল বাংলাদেশ দল। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার প্রত্যয়ে এবার মাটির ঘ্রাণে নতুন করে জ্বলে উঠেছে টাইগাররা।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল মাত্র ১১০ রান। লক্ষ্য ছিল সহজ। যদিও শুরুটা মোটেও মসৃণ ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। ম্যাচের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন তানজিদ হাসান তামিম (১), আর তৃতীয় ওভারে ১ রান করে বিদায় নিলেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ তখন মাত্র ৭ রানে হারিয়েছে ২ উইকেট।
তবে ভরসার প্রতীক হয়ে দাঁড়ালেন তরুণ পারভেজ হোসেন ইমন। ৩৪ বলে তুলে নিলেন নিজের ফিফটি, সাথে সঙ্গ দিয়েছিলেন তাওহীদ হৃদয় (৩৬)। হৃদয় ফিরে যাওয়ার পর জাকের আলী এসে করেন ঝড়ো ১৫ রান মাত্র ১০ বলে। শেষ পর্যন্ত ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ শেষ করেন ইমন। ২৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই ফখর জামানের সহজ ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। তবে নিজের ভুল দ্রুতই শোধরান তিনি—পরের ওভারেই সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন। এরপর শেখ মাহেদী, তানজিম সাকিব, মোস্তাফিজ ও তাসকিনের সম্মিলিত আগ্রাসনে ধসে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ।
মাত্র ৪১ রান তুলতেই ৪ উইকেট হারায় ম্যান ইন গ্রিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে গুটিয়ে যায় পুরো দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান আসে খুশদিল শাহের ব্যাট থেকে—২৩ বলে ১৭ রান।
তাসকিন আহমেদ ৩টি উইকেটসহ ছিলেন দুর্দান্ত। মাহেদী, সাকিব ও মোস্তাফিজ প্রত্যেকে শিকার করেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১৯.৩ ওভারে ১০/১১০: (ফখর ৪৪, আব্বাস ২২, খুশদিল ১৭, তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬)
বাংলাদেশ ১৫.৩ ওভারে ৩/১১২: (ইমন ৫৬*, হৃদয় ৩৬, জাকের ১৫*, সালমান ২/২৩)
এবি/সিএস





