গোমতী নদীর বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (১৮ জুন) সকাল থেকে সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী ও আড়াইওরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শতাধিক অবৈধ বসতভিটা, ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
এ সময় পাউবো কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম উপস্থিত ছিলেন।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গোমতী নদীর এই অংশে বহু বছর ধরে প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার অবৈধভাবে বসবাস করে আসছে।
বেড়িবাঁধ ও আশপাশে গড়ে উঠা এইসব বসতি এবং দোকানপাট বাঁধের স্থায়িত্বকে দুর্বল করে এবং বর্ষাকালে বন্যা ঝুঁকি ভয়াবহ করে তোলে।
ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, সময় দেওয়া হয়নি
উচ্ছেদ হওয়া বাড়ির বাসিন্দা খোরশেদ মিয়া বলেন,
“আমরা নিজেরাই ঘর সরিয়ে নিচ্ছিলাম। কিন্তু প্রশাসন আমাদের সময় দেয়নি। যদি একটু সময় দিত, জিনিসপত্রগুলো রক্ষা করতে পারতাম। নতুন জায়গায় যাওয়ার সামর্থ্য থাকলে তো এখানে থাকতাম না।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মুহাম্মদ অলিউজ্জামান বলেন,
“আমরা প্রায় দুই সপ্তাহ আগে থেকেই স্থানীয়দের সতর্ক করেছি। বাঁধ রক্ষায় যেটুকু জায়গা প্রয়োজন, শুধু সেটুকুই উচ্ছেদ করা হয়েছে।”
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার তানজিনা জাহান বলেন,
“পাউবো কর্তৃক চিহ্নিত ১০৯টি অবৈধ স্থাপনার মধ্যে প্রায় শতাধিক স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে।
এইসব স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে গোমতী নদীর বেড়িবাঁধ মেরামতের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।”
জেলা প্রশাসন জানিয়েছে, নদী ও বেড়িবাঁধ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এবি/এসবি





