স্বপ্ন দেখতেন, ছেলেরা বড় হয়ে একদিন বাবার শার্ট-জুতা পরবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জসীমকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নাসরিন। তিনি শুনিয়েছেন জসীমের সন্তানদের নিয়ে দেখা এক অপূর্ণ স্বপ্নের কথা।

Dec 27, 2025 - 16:46
 0
স্বপ্ন দেখতেন, ছেলেরা বড় হয়ে একদিন বাবার শার্ট-জুতা পরবে।

বিনোদন ডেস্কঃ  বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো বা ‘বাংলার জ্যামস বন্ড’ খ্যাত নায়ক জসীম পৃথিবী ছেড়েছেন বহু বছর। কিন্তু তার সহকর্মী ও স্বজনদের হৃদয়ে তিনি আজও অমলিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জসীমকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নাসরিন। তিনি শুনিয়েছেন জসীমের সন্তানদের নিয়ে দেখা এক অপূর্ণ স্বপ্নের কথা।

শৌখিন জসীম ও তার ভবিষ্যৎ স্বপ্ন নাসরিন জানান, নায়ক জসীম ছিলেন অত্যন্ত শৌখিন ও স্টাইলিশ একজন মানুষ। নিজের পোশাক-আশাক ও জুতোর ব্যাপারে তিনি ছিলেন খুব সচেতন। বিদেশ থেকে তিনি দামী সব ব্র্যান্ডের শার্ট, প্যান্ট আর জুতা কিনে আনতেন। কিন্তু সেই কেনাকাটার পেছনে শুধু নিজের শখ নয়, লুকিয়ে ছিল এক বাবার গভীর ভালোবাসা।

নাসরিন স্মৃতি হাতড়ে বলেন, ‘‘জসীম ভাই প্রায়ই তার জমানো দামী জুতা আর শার্টগুলো দেখিয়ে বলতেন— ‘নাসরিন দেখ, এই জুতাটা, এই শার্টটা আমি খুব যত্ন করে রেখে দিচ্ছি। আমার ছেলে রাহুল-সামিরা যখন বড় হবে, তখন তারা এগুলো পরবে। ওদের বাবার জিনিস পরে ওরা ঘুরে বেড়াবে’।’’

বাবার না দেখে যাওয়া সেই দৃশ্য জসীমের সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। তার ছেলেরা—রাহুল, সামি, রাতুল—আজ বড় হয়েছেন। হয়তো বাবার রেখে যাওয়া সেই ব্লেজার বা জুতা তাদের গায়েও লাগে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সন্তানদের সেই দৃশ্য দেখে যাওয়ার সুযোগ পাননি জসীম। অকালেই মস্তিষ্কের রক্তক্ষরণে না ফেরার দেশে পাড়ি জমান এই দাপুটে অভিনেতা।

কান্নাজড়িত কণ্ঠে নাসরিন বলেন, ‘‘ভাইজান (জসীম) ছেলেদের খুব ভালোবাসতেন। ছেলেরা আজ বড় হয়েছে, ঠিক বাবার মতোই স্মার্ট হয়েছে। কিন্তু ভাইজান তা দেখে যেতে পারলেন না। এই আফসোসটা আমার আজও যায় না।’’

একজন অভিভাবকের শূন্যতা নাসরিনের ক্যারিয়ারে নায়ক জসীমের অবদান ছিল অভিভাবকের মতো। তিনি জানান, জসীম সেটে থাকলে সবাই একধরণের নিরাপত্তাবোধ করতেন। তিনি শাসন করতেন, আবার আগলে রাখতেন। নাসরিন বলেন, ‘‘তিনি শুধু একজন সহশিল্পী ছিলেন না, ছিলেন মাথার ওপর ছায়ার মতো। তার মৃত্যুতে আমরা শুধু একজন সুপারস্টারকে হারাইনি, হারিয়েছি একজন বড় ভাইকে।’’

নায়ক জসীম দৈহিকভাবে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্বপ্নগুলো বেঁচে আছে তার সন্তানদের মাঝে। বাবার সেই শার্ট-জুতা হয়তো পুরনো হয়েছে, কিন্তু বাবার প্রতি ভালোবাসা আর সেই স্মৃতিগুলো আজও নতুনের মতোই উজ্জ্বল।

এবি/এসআর