বাসায় বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ করা যাবে
আগামী মাস থেকেই এই সেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।
আন্তঃবাণী প্রতিনিধি: ঢাকা মেট্রোরেল যাত্রীরা আর স্টেশনে গিয়ে কার্ড রিচার্জ করার ঝামেলায় পড়বেন না। এখন থেকে ঘরে বসেই স্থায়ী মেট্রো কার্ড (MRT Pass ও Rapid Pass) রিচার্জ করা যাবে বিকাশ, নগদ ও রকেটসহ সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে।
আগামী মাস থেকেই এই সেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা।
এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই অনলাইনে কার্ডে টাকা যোগ করতে পারবেন। তবে অনলাইনে রিচার্জ করার পর একবার স্টেশনে গিয়ে বিশেষ যন্ত্রে (ট্যাপ ডিভাইস) কার্ড আপডেট করতে হবে। একবার আপডেট করা হলে ব্যালান্স শেষ না হওয়া পর্যন্ত কার্ডটি ব্যবহার করা যাবে।
ডিএমটিসিএল জানায়, স্থায়ী কার্ডের লেনদেন তদারক করছে ডিটিসিএ-নিয়ন্ত্রিত ক্লিয়ারিং হাউস। এ ব্যবস্থা অনলাইনে কার্যকর করতে বেসরকারি প্রতিষ্ঠান ডেটাসফটকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্টেশনগুলোতে আপডেট মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ডিটিসিএর ওয়েবসাইটে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে, যার মাধ্যমে কার্ড রিচার্জ করা সম্ভব হবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “আগামী মাসের মধ্যেই এই সেবা চালু হবে বলে আশা করছি। মেশিনগুলোর গুণগতমান পরীক্ষা চলছে।”
দৈনিক যাত্রী আরাফাত রহমান এই উদ্যোগকে ‘দারুণ স্বস্তির’ বলছেন। তিনি বলেন, “অনেক সময় কার্ড রিচার্জ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। নতুন পদ্ধতিতে এই ঝামেলা দূর হবে।”
বর্তমানে প্রায় ৫৫ শতাংশ মেট্রো যাত্রী স্থায়ী কার্ড ব্যবহার করেন, বাকি ৪৫ শতাংশ একক যাত্রা টিকিটে ভ্রমণ করেন। যাঁরা MRT বা Rapid Pass ব্যবহার করেন, তাঁরা ভাড়ায় ১০ শতাংশ ছাড় পান।
এদিকে, কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও মেট্রো ভাড়া পরিশোধের ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একক যাত্রার টিকিট কেনার ব্যবস্থাও চালু হবে, যা “ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম (UTS)” নামে পরিচিত হবে। এই ব্যবস্থায় যাত্রীরা মোবাইল অ্যাপে টাকা পরিশোধ করে কিউআর কোড পাবেন, যা স্টেশনে প্রবেশ ও প্রস্থানকালে স্ক্যান করতে হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “মেট্রো রেলের সেবা প্রতিনিয়ত বাড়ছে। টিকিট ও রিচার্জের নানা বিকল্প ব্যবস্থা যাত্রীদের জন্য সহজ ও আধুনিক অভিজ্ঞতা এনে দেবে। এতে যাত্রীসংখ্যা ও আয়—দুটোই বাড়বে।”
এবি/সিএস





