৬১ বছর বয়সে ফের বাবা হলেন জেমস
আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।
বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি গায়ক মাহফুজ আনাম জেমস জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। ৬১ বছর বয়সে তিনি আবারও বাবা হয়েছেন। গত জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর স্ত্রী নামিয়া আমিনের কোলজুড়ে আসে পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জানা গেছে, জেমসের বর্তমান স্ত্রী নামিয়া আমিন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় জেমস ও নামিয়ার। পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব, পরে তা রূপ নেয় প্রেমে। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
নামিয়া যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন। সন্তান জন্মের পর দম্পতি এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে দেশে ফিরে আসেন।
বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত জেমস বলেন,
“এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
এর আগে জেমস তিনবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে তিনি চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেন, যাঁর সঙ্গে তাঁর এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। ওই সম্পর্কের ইতি ঘটে ২০০৩ সালে।
পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন জেমস। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।
তৃতীয় স্ত্রী নামিয়া আমিনের সঙ্গে নতুন জীবন শুরু করে আবারও পিতৃত্বের স্বাদ পেলেন দেশের সংগীত জগতের “গুরু”খ্যাত এই রকস্টার।
এবি/সিএস





