সংসদ ভবনের ঘটনায় ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার ও পরিচয়পত্র দাবি জুলাই যোদ্ধাদের
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জুলাই যোদ্ধারা।
আন্তঃবাণী প্রতিনিধি: জাতীয় সংসদ ভবনের গেট ভেঙে প্রবেশ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জুলাই যোদ্ধারা। একই সঙ্গে ভবিষ্যতে কোনো জটিলতা এড়াতে তাঁদের জন্য বিশেষ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবিও জানিয়েছেন তাঁরা।
সোমবার (২০ অক্টোবর) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি জানান জুলাই যোদ্ধারা। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে তাঁরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে লিখিত নির্দেশনা পাঠানোর দাবি জানান তাঁরা। পাশাপাশি শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দল।
গত শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে গেট ভেঙে ভেতরে প্রবেশ ও সংঘর্ষের ঘটনায় তাঁরা দুঃখ প্রকাশ করেন। জুলাই যোদ্ধাদের দাবি, তাঁরা সেখানে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা করতে যাননি, বরং নিজেদের ন্যায্য দাবিগুলো উপস্থাপন করতেই উপস্থিত হয়েছিলেন। কিন্তু কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে এমন ২০–২৫ জন বহিরাগতকে তাঁরা চিহ্নিত করেছেন বলেও জানান প্রতিনিধি দল।
শুক্রবারের ঘটনায় দায়ের করা চারটি মামলা প্রত্যাহারে ঐকমত্য কমিশনের সহযোগিতা চান তাঁরা।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের দাবি ও প্রস্তাবগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান ও মারুফা মায়াসহ অনেকে।
এবি/সিএস





