গানের আসর ঘিরে গ্রাম অবরুদ্ধের ঘোষণা, তিন মুসল্লি আহত

‘ইত্তেফাকুল উলামা’ সংগঠনের উদ্যোগে শেরপুরের চরাঞ্চলে গত কয়েক বছর ধরে নাচ-গানের আসর বন্ধ করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Oct 19, 2025 - 12:39
 0
গানের আসর ঘিরে গ্রাম অবরুদ্ধের ঘোষণা, তিন মুসল্লি আহত

আন্তঃবাণী প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নয়াপাড়া গ্রামে গানের আসর ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাতের অনুষ্ঠান শেষে মুসল্লিরা ফেরার পথে হামলার মুখে পড়েন। এতে হুজুরখ্যাত আজিজুর রহমান, হাফেজ শাহীনুর রহমান শাহীন ও মোকলেছুর রহমান আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মুসল্লিরা বিক্ষোভে নেমে স্থানীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ করেন। পুলিশের বরাত দিয়ে সদর থানার ওসি জুবায়দুল আলম জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত। কেউ লিখিত অভিযোগ না করলেও হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, ‘ইত্তেফাকুল উলামা’ সংগঠনের উদ্যোগে শেরপুরের চরাঞ্চলে গত কয়েক বছর ধরে নাচ-গানের আসর বন্ধ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। নয়াপাড়া গ্রামে আয়োজিত জারি গানের আসরে ছেলে-মেয়েরা প্রকাশ্যে অসভ্য আচরণ করলে সর্বজ্যেষ্ঠ আলেম মাওলানা আজিজুর রহমান তা বন্ধ করার অনুরোধ করেন। তবুও আয়োজকরা সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়ে অনুষ্ঠান চালু করেন।

রাতের ঘটনার সময় ৫০-৬০ জন অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র ব্যবহার করেন। স্থানীয়রা অভিযোগ করেন, বড় হুজুরকে অসম্মান করা হয়েছে। এরপর চরভাবনা মোড়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ মুসল্লিরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভে ইত্তেফাকুল উলামার সভাপতি আজিজুর রহমান এবং অন্যান্য আলেমরা বক্তব্য দেন। অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

স্থানীয়দের অভিযোগ, নাচ-গানের আসরে মেয়েদের নিয়ে অশ্লীলতা হয়। অপরদিকে আয়োজকরা দাবি করেছেন, অনুষ্ঠানে কোনো অশ্লীলতা হয়নি।

এবং তারা উল্লেখ করেন, কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নৃত্য পরিবেশন করেন।

এবি/সিএস