সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

গ্রামের ইমাম আমানউল্লাহ মুন্সির কাছ থেকে রিতা বেগম ১০ শতাংশ মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নেন।

Oct 11, 2025 - 08:42
 0
সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) উপজেলার জামিরাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিতা বেগম নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন— জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), মকবুল হোসনের দুই ছেলে বাবুল মিয়া (২১), নয়ন মিয়া (১৯) এবং খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিরাকান্দা গ্রামের ইমাম আমানউল্লাহ মুন্সির কাছ থেকে রিতা বেগম ১০ শতাংশ মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নেন। তিনি নিয়মিত সুদের টাকা পরিশোধের পাশাপাশি সম্প্রতি মূল টাকার ৫০ হাজারও শোধ করেন। তবে ইমাম আমানউল্লাহ মাসে ১০ হাজার টাকা সুদ দাবি করে আরও ৮০ হাজার টাকা পাওনার কথা জানান।

এরই মধ্যে রিতা বেগম স্বামী-সন্তানের কাছে ঢাকায় গেলে সুযোগ বুঝে ইমাম আমানউল্লাহ ও তার সহযোগীরা শ্রমিক ভাড়া করে হামলা চালায় তার বসতবাড়িতে। তারা ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিতা বেগম।

খবর পেয়ে রিতা বেগম ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে বাড়িঘর হারিয়ে নিঃস্ব রিতা বেগম মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এবি/সিএস