ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আন্তঃবাণী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদি, ঔষধ, চা, বীজ, কাপড় ও জুতার দোকানে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত নই। তবে আগুন এত দ্রুত ছড়ায় যে দোকানগুলো বাঁচানোর কোনো সুযোগ ছিল না।’
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম বলেন, ‘বাজারের আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা যায়নি। ব্যবসায়ীরা প্রায় সবকিছু হারিয়েছেন।’
অগ্নিকাণ্ডের ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে।
এবি/সিএস





