ভাড়া চাওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

রিকশাচালক হাসান জানান, অভিযুক্ত আব্দুর রহমান শেখ প্রায়ই তার রিকশায় উঠে ভাড়া না দিয়েই চলে যেতেন।

Oct 16, 2025 - 21:01
Oct 16, 2025 - 21:05
 0
ভাড়া চাওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

আন্তঃবাণী প্রতিনিধি: ভাড়া চাওয়ার ‘অপরাধে’ ফরিদপুরে হাসান প্রামাণিক (২৭) নামে এক রিকশাচালককে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসান বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হাসান ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর এলাকার ইউসুফ প্রামাণিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তি মো. আব্দুর রহমান শেখ ওই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

রিকশাচালক হাসান জানান, অভিযুক্ত আব্দুর রহমান শেখ প্রায়ই তার রিকশায় উঠে ভাড়া না দিয়েই চলে যেতেন। বুধবার সকাল ১০টার দিকে আবারও রিকশায় উঠতে চাইলে হাসান আপত্তি জানান এবং বলেন, “আপনি তো প্রতিদিন ভাড়া না দিয়েই চলে যান, আজ নিতে পারবো না, আগের ভাড়া আগে দেন।”

এ কথা শুনে ক্ষিপ্ত হন আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। কিছুক্ষণ পর রফিকুলের লোকজন হাসানকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে আদমপুর বাজারের দোকানের পেছনে আটকে কাঠের লাঠি দিয়ে পেটাতে থাকে। হাসানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে দেখা যায়, পুরুষ সার্জারি ওয়ার্ডে হাসান চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছেন। তার হাত, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। পাশে বসেছিলেন মা নিলুফা বেগম ও বাবা ইউসুফ প্রামাণিক।

ইউসুফ প্রামাণিক বলেন, “আমরা পদ্মা ভাঙনের শিকার গরিব মানুষ। আমার ছেলের একটি কিডনি তিন বছর আগে অপারেশন করে ফেলতে হয়েছে। সংসার চালানোর জন্য সে রিকশা চালায়। সেই ছেলেকে শুধু ভাড়া চাওয়ার কারণে তুলে নিয়ে এমন নির্যাতন করেছে—এটা মানবতার চরম লঙ্ঘন। আমি এর কঠোর বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা সিদ্দিক প্রামাণিক বলেন, “আব্দুর রহমান আগে আওয়ামী লীগ করতেন, এখন বিএনপির নেতা সেজেছেন। তার ছেলে আগেও ছাত্রলীগ করতো। তারা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। একজন অসহায় রিকশাচালককে মারধর করার ঘটনা নিন্দনীয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুর রহমান স্বীকার করেন যে, তার ছেলে রফিকুলের রাগ থেকেই ঘটনাটি ঘটেছে। তবে তিনি দাবি করেন, “আমি পরে হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য টাকা দিয়েছি।”

এ ঘটনায় বুধবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা ইউসুফ প্রামাণিক। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

একটি অসহায় পরিবারের রিকশাচালকের রক্তে আবারও ভেসে উঠল রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর বাস্তবতা—যেখানে ‘ভাড়া চাওয়া’ও এখন অপরাধ।

এবি/সিএস