৩১ অক্টোবরের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের সুপারিশ পেশ করবে কমিশন: অধ্যাপক আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর বাস্তবায়নের লক্ষ্যে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এই সময়ের মধ্যেই ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর বাস্তবায়নের লক্ষ্যে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, "সরকারের পক্ষ থেকে এই সময়সীমার মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে এবং তা যেন সবার অংশগ্রহণ নিশ্চিত করে, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে।"
তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কারের চাহিদা বারবার হোঁচট খেয়েছে। তবে নাগরিকদের সংগ্রামের মধ্য দিয়ে যে আশাবাদ ও প্রত্যাশা জন্মেছে, ‘জুলাই সনদ’-এর মাধ্যমে তা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে।"
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী, বিচারপতি মো. এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন এবং ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী বলেন, “সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন ঘটবে।”
তিনি আরও জানান, “ভবিষ্যতের দিকে তাকিয়েই আমরা আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়াব। সেখানে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারির মাধ্যমে ‘জুলাই সনদ’ দেশের জনগণকে কী দিতে পারে, তা উপস্থাপন করা হবে।”
এবি/এসবিডাব্লিউ





