কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করল সরকার

এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করা হয়।

Oct 13, 2025 - 17:51
 0
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করল সরকার
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: দেশের জনপ্রিয় সমুদ্রবন্দর ও পর্যটন নগরী কক্সবাজার এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল। সোমবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাবরুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনস্বার্থে এই আদেশ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ ঘোষণার মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল চারটিতে—ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং নতুন যুক্ত হলো কক্সবাজার।

উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করার কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে জুলাই মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার পর্যটন হাব হিসেবে গড়ে তোলা। বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) কর্মকর্তারা মনে করেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ফলে কক্সবাজার শুধু দেশের নয়, আঞ্চলিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে—যেভাবে ইন্দোনেশিয়ার বালি বিশ্ব পর্যটনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

এবি/সিএস