১৮৫ পোশাক কারখানা বন্ধ, বেকার হাজারও শ্রমিক

বাংলাদেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে ভয়াবহ এক মন্দা নেমে এসেছে।

Oct 12, 2025 - 21:01
 0
১৮৫ পোশাক কারখানা বন্ধ, বেকার হাজারও শ্রমিক
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: বাংলাদেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে ভয়াবহ এক মন্দা নেমে এসেছে। গত এক বছরে বন্ধ হয়ে গেছে ১৮৫টি তৈরি পোশাক কারখানা—যার ফলে বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। ক্রমবর্ধমান গ্যাস ও বিদ্যুৎ সংকট উৎপাদন ব্যাহত করে ফেলেছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে দেশের বৈদেশিক আয়েও।

রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ গার্মেন্ট ও বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) তাদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। বিদেশি ক্রেতারাও নির্ভরযোগ্য সরবরাহ না পাওয়ায় অর্ডার কমিয়ে দিচ্ছেন।”

বিজিবিএ জানায়, শুধুমাত্র গত দুই মাসেই রপ্তানি কমেছে ৫ থেকে ৬ শতাংশ। বৈদেশিক ক্রেতাদের আস্থা ফিরে পেতে এখনই সমন্বিত উদ্যোগ না নিলে খাতটি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। সংগঠনটি আরও জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে পোশাক মেলা অনুষ্ঠিত হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সীমিত। উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিনিধিত্বের সুযোগও দেওয়া হচ্ছে না।

বিজিবিএর নেতারা মনে করেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপে যুক্তরাষ্ট্রে শুল্কবৃদ্ধি এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে পোশাক খাতে নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বিদেশি ক্রেতারা সতর্ক অবস্থান নিচ্ছেন।

তারা সতর্ক করে বলেন, “যদি উৎপাদন সংকট কাটানো না যায়, নতুন ক্রয়াদেশ পাওয়া আরও কঠিন হয়ে যাবে।” সংগঠনটির মহাসচিব জাকির হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিল্প টিকিয়ে রাখতে এখন কার্যকর পদক্ষেপ নেওয়াই সময়ের দাবি।”

বাংলাদেশের পোশাক খাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কিন্তু সাম্প্রতিক এই সঙ্কট শুধু উৎপাদন নয়, সামাজিক কাঠামোকেও নাড়া দিচ্ছে—হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন, বহু পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

এবি/সিএস