সারা দেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৬৮৩ জন
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬৮৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ
আন্তঃবাণী প্রতিবেদকঃ
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬৮৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এক হাজার ১২৪ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৫৯ জনকে অন্যান্য ঘটনায় আটক করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি রাম দা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এবি/এসবিডাব্লিউ





