মানবতাবিরোধী অপরাধে ২৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা রয়েছেন।
আন্তঃবাণী প্রতিনিধি: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দলীয় নেতাকর্মী ও ভিন্নমতের মানুষদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২৩ জন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা রয়েছেন।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মানুষ গুম ও হত্যার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অনেকের লাশও গুম করে ফেলা হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করলে বিভিন্ন গোপন বন্দিশালা থেকে বেশ কয়েকজন ভুক্তভোগী মুক্তি পান। তাদের অভিযোগের ভিত্তিতেই এ মামলার সূত্রপাত।
প্রসিকিউশন জানায়, সংশোধিত আইনের অধীনে এই মামলার আসামিরা রাষ্ট্রের কোনো পদে থাকতে পারবেন না। ট্রাইব্যুনালের এ নির্দেশনায় দেশের বহুল আলোচিত গুম ও নির্যাতনের ঘটনাগুলো নতুন করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে।
এবি/সিএস





