‘বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে’
তিনি জানান, ভিসা পাওয়া এখন বহু দেশেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধি: বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্নে ভিসা ইস্যুতে জটিলতা দেখা দিয়েছে, তাই আগে আমাদের ‘ঘর গোছাতে’ হবে।
তিনি জানান, ভিসা সংকট নিরসনে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। উন্নত রাষ্ট্রগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। জার্মানির উদাহরণ টেনে তিনি বলেন, “প্রতি বছর জার্মানি পাকিস্তান থেকে প্রায় ৯ হাজার শিক্ষার্থী নেয়। বাংলাদেশ থেকেও অন্তত একই সংখ্যক শিক্ষার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।”
এ সময় তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশ লাভবান হবে। তবে সাধারণ ভ্রমণকারীদের দুর্ভোগ যে বাড়ছে, তা স্বীকার করে তিনি জানান, ভিসা পাওয়া এখন বহু দেশেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় দেখা যাচ্ছে, উন্নত ও উন্নয়নশীল অনেক দেশই বাংলাদেশি নাগরিকদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। এমনকি যেসব দেশে অন-অ্যারাইভাল ভিসা চালু রয়েছে, সেখান থেকেও অনেক বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ইউরোপ, আমেরিকা, কানাডা ছাড়াও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় ভ্রমণ গন্তব্য—থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও ভিসা পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে।
এবি/সিএস





