জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
আমাদের লক্ষ্য একটি— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের বড় ভূমিকা রয়েছে। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার। কেউ যেন সেটি করতে না পারে, সেদিকে আপনারা সতর্ক থাকবেন।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
বিএনপি মহাসচিব জানান, শিক্ষকদের দাবি-দাওয়ার সবকিছু বিএনপির ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে। তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের নৈতিকতা ও আদর্শ দিয়ে গড়ে তুলতে হবে। আপনারাই পারেন শিক্ষার্থীদের এমনভাবে মানুষ করতে, যেন তারা আদর্শ নাগরিক হয়ে উঠে এবং আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারি।”
এবি/এসবিডাব্লিউ





