পুলিশ সদস্যদের ওপর হামলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: পুলিশ অ্যাসোসিয়েশন

দেশের বিভিন্ন জেলায় পুলিশ সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

Oct 7, 2025 - 23:36
Oct 8, 2025 - 00:01
 0
পুলিশ সদস্যদের ওপর হামলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: পুলিশ অ্যাসোসিয়েশন

আন্তঃবাণী প্রতিবেদকঃ

দেশের বিভিন্ন জেলায় পুলিশ সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এসব ঘটনা কেবল বাহিনীর ওপর হামলা নয়; বরং জাতীয় নিরাপত্তার জন্যও 'চরম হুমকি'।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি নরসিংদী, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটে পুলিশের ওপর একাধিক দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিন বগুড়ায় নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যকে গ্রেপ্তারের সময় পুলিশ আক্রান্ত হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

এর আগে ১১ আগস্ট চট্টগ্রামে নিষিদ্ধ রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা এবং সর্বশেষ ৫ অক্টোবর সিলেটে চেকপোস্টে ট্রাকশ্রমিকদের সহিংসতায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে এসব হামলাকে ‘উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক’ উল্লেখ করে বলেছে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের হামলা শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, বরং তা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।”

তারা আরও জানায়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। সাম্প্রতিক দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

বিবৃতিতে জানানো হয়, এসব হামলার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাহিনী সচেষ্ট রয়েছে।

এবি/এসবিডাব্লিউ