ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে জামায়াতে ইসলামী নেতার মৃত্যু হয়েছে

Oct 5, 2025 - 21:48
Oct 5, 2025 - 22:21
 0
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

আন্তঃবাণী প্রতিবেদকঃ

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে জামায়াতে ইসলামী নেতার মৃত্যু হয়েছে। নিহত মোফাখ্খারুল আলম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি ছিলেন।

 দুর্ঘটনাটি ঘটে রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোফাখ্খারুল আলম একটি অটোরিকশায় করে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোফাখ্খারুল আলম গুরুতর আহত হন।

 স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভালুকা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নেতা হিসেবে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন মোফাখ্খারুল আলম। তার মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে।

এবি/এসবিডাব্লিউ