রবিবার থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক

সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না

Oct 4, 2025 - 22:38
 0
রবিবার থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) নিষিদ্ধ করা হচ্ছে আগামী রবিবার থেকে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে এবং কারও কাছে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে তার পরিবর্তে কাগজের ব্যাগ দেওয়া হবে। ভেতরে পলিথিন, বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না।

এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার হবে এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ করা হবে এবং মনিটরিং কমিটি গঠন করা হবে। সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছে সরকার!

এবি/এসেএফ