নাসুম-শরিফুলের তোপে ১৪৭ রানে থামল আফগানিস্তান

টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেছেন টাইগার বোলাররা।

Oct 3, 2025 - 22:45
 0
নাসুম-শরিফুলের তোপে ১৪৭ রানে থামল আফগানিস্তান
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: শারজাহে সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেছেন টাইগার বোলাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাওয়ার প্লের ছয় ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৫ রান। ওপেনার সেদিকউল্লাহ অটল ১৯ বলে ২৩ রান করলেও রিশাদের ক্যাচে ফেরেন তিনি। অপর ওপেনার ইব্রাহিম জাদরান কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু নাসুমের ঘূর্ণিতে তিনিও ফিরতে বাধ্য হন—৩৭ বলে করেন ৩৮ রান।

অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিল মাত্র ১ রানে আউট হন। দারউইশ রাসুলিও (১৪) নাসুমের শিকার হন। অন্য প্রান্তে গুরবাজ খেলেন ২২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস, তবে শরিফুল ইসলামের নিখুঁত ডেলিভারিতে তার স্টাম্প ছিটকে যায়।

শেষদিকে মোহাম্মদ নবি (২০*) এবং আজমতউল্লাহ ওমরজাই (১৯) রান যোগ করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আফগানরা। নির্ধারিত ২০ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায় ৫ উইকেটে ১৪৭ রানে।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট। শরিফুল ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় পান ১ উইকেট। বল হাতে শুরুটা দারুণভাবে সাজিয়ে দিয়েছে টাইগাররা। এখন ব্যাটারদের দায়িত্ব—১৪৮ রানের টার্গেট ছুঁয়ে সিরিজ নিশ্চিত করা। 

এবি/সিএস