জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

সেখানে তাকে সম্মাননা হিসেবে প্রদান করা হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।

Oct 2, 2025 - 11:08
 0
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান তিনি। নয় দিনের এ সফরে ড. ইউনূসের সঙ্গে ছিলেন ছয় রাজনৈতিক নেতা—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।

সফরের অন্যতম কেন্দ্রীয় অংশ ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় তার ভাষণ। গত ২৬ সেপ্টেম্বর জেনারেল অ্যাসেম্বলি হলে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরেন।

পরে জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনই যে সংকট সমাধানের একমাত্র পথ, সেটি জোর দিয়ে উল্লেখ করেন ড. ইউনূস এবং সাত দফা প্রস্তাব উত্থাপন করেন।

সফরকালে তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ড আয়োজিত বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারেও যোগ দেন। সেখানে তাকে সম্মাননা হিসেবে প্রদান করা হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।

এবি/সিএস