এশিয়া কাপ ২০২৫ এর সূচী প্রকাশ, সহজ গ্রুপে বাংলাদেশ

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং সবকটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে। আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

Jul 26, 2025 - 20:53
Jul 26, 2025 - 20:59
 0
এশিয়া কাপ ২০২৫ এর সূচী প্রকাশ,   সহজ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ 

এশিয়া কাপ ২০২৫-এর প্রতীক্ষিত সূচি অবশেষে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শনিবার বিকেলে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানান, এ বছরের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। তার কিছুক্ষণ পরেই প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ সূচি।

 

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং সবকটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে। আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

 

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। তুলনামূলক সহজ ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান।

 

বাংলাদেশ তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে।

 

প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অভিযান।

সবচেয়ে আলোচিত ম্যাচ— ভারত-পাকিস্তান— অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।

 

১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। এরপর ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোর পর্ব, যেখানে দুই গ্রুপের শীর্ষ দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে চূড়ান্ত পর্বে ওঠার জন্য।

 

প্রসঙ্গত, মূলত ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ২০২৫। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারত সফরে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ, নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়।

 

এবিএ/সিএস