যুদ্ধবিমান দূর্ঘটনাঃ ভারত থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল ও সরঞ্জাম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। জরুরি আলোচনার ভিত্তিতে ভারত থেকে ঢাকায় পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও বার্ন ইউনিটের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।

Jul 22, 2025 - 18:47
Jul 22, 2025 - 18:47
 0
যুদ্ধবিমান দূর্ঘটনাঃ ভারত থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল ও সরঞ্জাম

আন্তঃবাণী ডেস্কঃ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। জরুরি আলোচনার ভিত্তিতে ভারত থেকে ঢাকায় পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও বার্ন ইউনিটের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, “আমরা প্রাথমিকভাবে দু’জন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি টিম পাঠাচ্ছি, যারা আজই ঢাকায় পৌঁছাবেন। এর পাশাপাশি পাঠানো হচ্ছে জরুরি চিকিৎসা যন্ত্রপাতি।” সূত্রটি আরও জানায়, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও চিকিৎসক ও সহায়ক কর্মী পাঠানো হবে।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন এবং ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্টে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, “এই সংকটের সময়ে ভারত বাংলাদেশের পাশে আছে।”

দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ আহতের শরীর পুড়ে গেছে, তাই বার্ন বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাওয়া জরুরি। সেই অনুরোধের ভিত্তিতে ভারত দ্রুত ব্যবস্থা নেয়।

যদিও বিগত এক বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা গেছে, এই দুর্ঘটনার প্রেক্ষিতে উভয় দেশের মধ্যে মানবিক যোগাযোগ ও সহমর্মিতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পর্যবেক্ষকদের মতে, সংকটের এই মুহূর্তে দুই দেশের ঘনিষ্ঠতা ও সহানুভূতির প্রকাশ আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এবি/সিএস