বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট
তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পখাতে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
আন্তঃবাণী প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, পার্বতীপুর কয়লা খনি থেকে সরবরাহ পাওয়া কয়লা দিয়েই ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রের কার্যক্রম চলছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়।
এ ছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজের কারণে বন্ধ রয়েছে। ফলে চার বছর আট মাস পর কেন্দ্রটির সব ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে গেল।
তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পখাতে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এবি/সিএস





