চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র অর্ধদিবস বন্ধ
টেলিফোনে হুমকি ও হামলার ভয় দেখিয়ে ব্যবসার পরিবেশ নষ্ট করছে একটি সন্ত্রাসী চক্র।
আন্তঃবাণী প্রতিবেদক: রাজধানীর গাড়ি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবসের জন্য সব গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
শনিবার (১৮ অক্টোবর) রাতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দুষ্কৃতকারীরা গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। টেলিফোনে হুমকি ও হামলার ভয় দেখিয়ে ব্যবসার পরিবেশ নষ্ট করছে একটি সন্ত্রাসী চক্র। এর প্রতিবাদে এবং ব্যবসায়ীদের জরুরি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজকের অর্ধদিবস কর্মসূচি পালনের পাশাপাশি প্রগতি সরণির কোকা-কোলা মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বারভিডার সভাপতি আবদুল হক জানান, “কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। এমনকি বিদেশ থেকেও, বিশেষ করে দুবাই থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই মধ্যে মোটরসাইকেলে করে এসে কয়েকটি শোরুমের সামনে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তারা।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশে যেভাবে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে, ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে—যে কোনো সময় গাড়ির শোরুমেও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। এতে দেশি-বিদেশি চক্র জড়িত থাকতে পারে। তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখনই সরকারকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এবি/সিএস





