শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ পিছিয়ে ১০০তম

সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশ আফগানিস্তান, সূচকে যার অবস্থান ১০৬তম।

Oct 15, 2025 - 09:30
Oct 15, 2025 - 09:34
 0
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ পিছিয়ে ১০০তম

আন্তঃবাণী ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ পিছিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশ রয়েছে ১০০তম অবস্থানে, যেখানে বাংলাদেশের সঙ্গে একই স্থানে রয়েছে উত্তর কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা বর্তমানে মাত্র ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত সূচকটির তথ্য উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এবারের হালনাগাদ তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

অন্যদিকে, বড় ধরনের অবনমনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সূচক চালুর ২০ বছর পর এবারই প্রথম দেশটি শীর্ষ ১০-এর বাইরে নেমে গেছে। হেনলি সূচকে এখন যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম, যা তারা মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দখল করেছে।

২০১৪ সালে শীর্ষে থাকা দেশটি ২০১৫ সালে নেমেছিল দ্বিতীয় স্থানে, গত বছর ছিল সপ্তম, আর এবার পৌঁছেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়া যেতে পারেন।

অন্যদিকে, সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশ আফগানিস্তান, সূচকে যার অবস্থান ১০৬তম।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, এই সূচক তৈরি করা হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে। কোন দেশের নাগরিকরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্তভাবে যেতে পারেন, সেই পরিসংখ্যানই নির্ধারণ করে পাসপোর্টের শক্তিমাত্রা। এতে বিবেচনায় নেওয়া হয় ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

এবি/সিএস