সন্দেহভাজন চোর ধরতে গিয়ে পুলিশের পিকআপের চাবি চুরি
পুলিশের ব্যবহৃত একটি সরকারি পিকআপ ভ্যানের চাবি হঠাৎ উধাও! ফলে ভ্যানটি দীর্ঘ তিন ঘণ্টা ওই গ্রামে আটকা পড়ে থাকে।
আন্তঃবাণী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছে পুলিশের অভিযান। চুরির মামলার সন্দেহভাজনদের আটক করতে গিয়ে এবার চুরি হলো পুলিশেরই সরকারি পিকআপ ভ্যানের চাবি!
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার কুয়েতপ্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরি শেষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানায় খবর দেন।
সংবাদ পেয়ে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু ঠিক তখনই ঘটে বিপত্তি—পুলিশের ব্যবহৃত একটি সরকারি পিকআপ ভ্যানের চাবি হঠাৎ উধাও! ফলে ভ্যানটি দীর্ঘ তিন ঘণ্টা ওই গ্রামে আটকা পড়ে থাকে।
শেষ পর্যন্ত থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি চালিয়ে পাশের একটি জঙ্গল থেকে চাবিটি উদ্ধার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “সন্দেহভাজনদের আনার সময় দেখি পিকআপ ভ্যানের চাবি নেই। পরে খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে সেটি পাওয়া যায়।”
এবি/সিএস





