ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

দূতাবাস সূত্রে জানা যায়, সড়কে গাড়িটি একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়। এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন।

Oct 9, 2025 - 11:43
 0
ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত
ভিডিও থেকে নেওয়া ছবি

আন্তঃবাণী প্রতিনিধি: ওমানের দুকুম সিদরার কাছে গতকাল (৮ অক্টোবর)  বিকেলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময়। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বাসসকে জানান, চালকসহ মোট নয়জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন।

দূতাবাস সূত্রে জানা যায়, সড়কে গাড়িটি একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়। এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটে। নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বেশিরভাগই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এবি/সিএস