যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’ চট্টগ্রামে
জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
আন্তঃবাণী প্রতিনিধি: শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়। এ সময় দুই দেশের নৌ-কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এর ফলে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফর দুই দেশের নৌ-সদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে আধুনিক নৌপ্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ অর্জনে উভয় দেশের নাবিকরা উপকৃত হবেন। আগামী ১০ অক্টোবর ফিৎসজেরাল্ড বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
এর আগে, ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল, যা দুই দেশের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
এবি/সিএস





