খুলনায় কাস্টম ঘাটে ডুবে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’
খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় পর্যটকবাহী জাহাজ ‘এমভি জিলান’ ডুবে গেছে।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় পর্যটকবাহী জাহাজ ‘এমভি জিলান’ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে নদীতে জোয়ারের সময় ভারসাম্য হারিয়ে জাহাজটি পানির নিচে চলে যায়।
জানা গেছে, জাহাজটি খুলনা কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে মেরামতের জন্য নোঙর করা ছিল। রোববার (৫ অক্টোবর) রাত থেকেই ধীরে ধীরে কাত হতে শুরু করে এবং সোমবার সকালে পুরোপুরি ডুবে যায়। ‘এমভি জিলান’ ট্যুর অপারেটর ‘রেইনবো ট্যুরস’-এর মালিকানাধীন এবং এটি সুন্দরবনের পর্যটনসেবায় ব্যবহৃত হয়ে আসছিল।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড জানান, “জাহাজটির এসি ও বাথরুমসহ অভ্যন্তরীণ কিছু মেরামতের কাজ চলছিল। অসাবধানতাবশত বাথরুমের একটি পাইপ খোলা ছিল, যার মাধ্যমে পানি ঢুকে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
জাহাজ মালিকপক্ষের প্রতিনিধি মো. জামিল বলেন, “জাহাজে গোসলের পানি লোড দেওয়া হচ্ছিল। এতে ভারসাম্য হারিয়ে সেটি কাত হয়ে পড়ে। পরে জোয়ারের পানির চাপে তা পুরোপুরি ডুবে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের ওসি আবুল খায়ের। তিনি জানান, নোঙর অবস্থায় জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে এবং জোয়ারের পানিতে ডুবে যায়। জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এবি/এসবিডাব্লিউ





