আখাউড়ায় তিতাস ট্রেন লাইনচ্যুত: যাত্রা বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-আখাউড়া ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
আন্তঃবাণী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-আখাউড়া ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঢাকা থেকে আসা ৩৬ নম্বর ডাউন তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া স্টেশনে সান্টিং করার সময় দুটি বগির চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় তা স্বাভাবিকভাবে এগোয়নি। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। এই দুর্ঘটনার ফলে আখাউড়া থেকে ভোর ৫টায় ছেড়ে যাওয়ার কথা থাকা আপ ট্রেন (৩৩ নম্বর) এবং ঢাকা থেকে সাড়ে ৯টায় ছেড়ে আসার কথা থাকা ডাউন ট্রেন (৩৪ নম্বর) বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং অনেকেই বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে বাধ্য হন। পরে দুপুর ১টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ৩৫ নম্বর তিতাস কমিউটার ট্রেন ছেড়ে যায়। আখাউড়া রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, “ট্রেনটি এমন একটি স্থানে লাইনচ্যুত হয় যেখানে রিলিফ ট্রেন নেওয়ার মতো উপযোগী লাইন ছিল না। এজন্য বিকল্প পদ্ধতিতে উদ্ধার কাজ করতে হয়েছে এবং সময় বেশি লেগেছে।” উল্লেখ্য, তিতাস কমিউটার ট্রেন প্রতিদিন ঢাকা-আখাউড়া রুটে চলাচল করে এবং সাধারণ যাত্রীদের চলাচলের অন্যতম একটি প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত। এবি/এসবিডাব্লিউ





