ইনজুরি টাইমের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নিঃশ্বাসবন্ধ করা লড়াই। তবে ইনজুরি টাইমের নাটকীয়তায় জয় ছিনিয়ে নিল ফরাসি চ্যাম্পিয়নরা।
স্পোর্টস ডেস্ক: এস্তাদি অলিম্পিকে যেন জমেছিল ইউরোপীয় ক্লাসিকোর আসর। দুই জায়ান্ট বার্সেলোনা আর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি—শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নিঃশ্বাসবন্ধ করা লড়াই। তবে ইনজুরি টাইমের নাটকীয়তায় জয় ছিনিয়ে নিল ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুটা ছিল কাতালানদের। লামিনে ইয়ামালের জাদুকরি ড্রিবল থেকে শুরু হওয়া আক্রমণে মার্কাস রাশফোর্ডের পাস পেয়ে জালে বল পাঠান ফেরান তোরেস। তবে লিড বেশিক্ষণ টিকল না। নুনো মেন্ডেসের গতি আর নিখুঁত ক্রস থেকে মাত্র ১৮ বছরের তরুণ মাইউলু সমতায় ফেরান পিএসজিকে।
প্রথমার্ধ শেষে স্কোরলাইন সমান থাকলেও বিরতির পর নিয়ন্ত্রণ নেয় লুইস এনরিকের দল। শারীরিক দাপট ও দ্রুত ট্রানজিশনে বার্সার মিডফিল্ড ভেঙে পড়ে বারবার। একসময় মনে হচ্ছিল বার্সাই এগিয়ে যাবে, কিন্তু হাকিমির গোললাইন সেভে রক্ষা পায় পিএসজি, অন্যদিকে পোস্টে লেগে যায় কাতালানদের শট।
অবশেষে ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা গনসালো রামোস হাকিমির নিখুঁত পাস থেকে গোল করে নিশ্চিত করেন পিএসজির ২-১ ব্যবধানের জয়। এতে মৌসুমে প্রথমবার হারের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। অন্যদিকে, নেইমার, এমবাপ্পে কিংবা মেসির মতো তারকাদের ছাড়াই পিএসজি প্রমাণ করল—তারা এখনও ইউরোপিয়ান মঞ্চের আসল রাজা।
এবি/সিএস





