মিরপুরে ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাণ্ডব ও লুটপাট: সরকারের কাছে তাসনিম জারার ৪ প্রশ্ন

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা 'রাড্ডা এমসিএইচ'-এর ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা।

Sep 26, 2026 - 21:30
Sep 26, 2026 - 21:30
মিরপুরে ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাণ্ডব ও লুটপাট: সরকারের কাছে তাসনিম জারার ৪ প্রশ্ন

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা 'রাড্ডা এমসিএইচ'-এর ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারের কাছে চার দফা প্রশ্ন রাখেন।

পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে মিরপুরের নিম্নআয়ের মা ও শিশুদের নামমাত্র খরচে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। হামলায় কেন্দ্রে থাকা অতিপ্রয়োজনীয় টিকা, আলট্রাসনোগ্রাম মেশিনসহ গুরুত্বপুর্ণ রেজিস্টার লুট হয়ে গেছে। নির্দিষ্ট তাপমাত্রা না থাকায় অনেক টিকা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, যা আর শিশুদের প্রয়োগ করা যাবে না। এছাড়া রেজিস্টার না থাকায় কোন শিশু কোন টিকা পেয়েছে বা কোনটি বাকি রয়েছে, তা জানা কঠিন হয়ে পড়বে। ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে সাধারণ শিশুদের টিকাদান কর্মসূচি।

ঘটনার নানা দিক তুলে ধরে তাসনিম জারা সরকারের কাছে ৪টি সুনির্দিষ্ট প্রশ্ন তোলেন:

১.থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে প্রায় ২০০ জন মানুষ ভারী যন্ত্রপাতি নিয়ে এসে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার সময় পুলিশ কেন তা ঠেকাতে পারল না? কেন্দ্র থেকে খবর দেওয়ার পরও পুলিশের ভূমিকা কী ছিল?

২.সরকার পরিবর্তনের পর এমন দখলদাররা কেন আবার সক্রিয় হয়ে ওঠার সাহস পাচ্ছে এবং রাজনৈতিকভাবে কারা তাদের পেছনে থেকে উৎসাহিত করছে?

৩.এই তাণ্ডব কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা? কুয়াকাটা, লালমনিরহাট ও নারায়গঞ্জের বন্দরে পুলিশের উপস্থিতিতে বা সহযোগিতায় সম্প্রতি ঘটে যাওয়া দখলবাজির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানতে চান—এক্ষেত্রে কেবল অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করাই কি বিচারের বিকল্প হতে পারে?

৪.সরকারি টিকাদান কর্মসূচির ওপর হওয়া এই সরাসরি হামলার পর ক্ষতিগ্রস্ত শিশুদের খুঁজে বের করে বাকি টিকা নিশ্চিত করার দায়িত্ব এখন কে নেবে?

ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, এ ধরনের ভাঙচুর স্বল্প সময়ে করা সম্ভব নয়, বেশ সময় নিয়েই তাণ্ডব চালানো হয়েছে। পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়ে তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড' নামের একটি সংগঠনের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। সেসময় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করার পর পাকা ও আধাপাকা ভবনসহ পুরো কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এবি/জেএফ