রাজধানীতে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান: বিএফইউজে নেতাসহ শতাধিক নেতাকর্মী আটক
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ জাসদের অনেক নেতাকর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, কার্যালয়ের ভেতর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপন বৈঠক চালানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, "ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আজ দলের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই সভায় সারা দেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশ নেন।
সাজ্জাদ হোসেনের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রথমে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে প্রতিনিধি সভায় আগতদের ওপর হামলা ও মারধর করে। এরপর বিকেলের দিকে পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং ভেতরে থাকা নেতাকর্মীদের আটক করতে শুরু করে। জাসদের দাবি অনুযায়ী, কার্যালয়ের ভেতরে থাকা প্রায় কাউকেই বের হতে দেওয়া হয়নি এবং পর্যায়ক্রমে সবাইকে আটক করা হয়েছে।
সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে আটকের বিষয়ে জাসদ সম্পাদক জানান, আবু জাফর সূর্য জাসদের সমর্থক হিসেবে দলের এই কেন্দ্রীয় প্রতিনিধি সভায় অংশ নিতে কার্যালয়ে এসেছিলেন। সেখান থেকেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এবি/জেএফ/





