সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি মন্ত্রী

সরকার কোনো অপশক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার করার সুযোগ দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Sep 26, 2026 - 20:24
Sep 26, 2026 - 21:02
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি মন্ত্রী

সরকার কোনো অপশক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার করার সুযোগ দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, "আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের মূল শক্তিই হলো সাধারণ জনগণ। গুটিকয়েক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যা ও ধোঁকাবাজি করবে, তা বরদাশত করা হবে না।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোড়াশাল পৌরসভা ও ডাঙা ইউনিয়নের দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অনুদান এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ নিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সত্যকে গোপন করে মিথ্যা প্রচার করছে। এ বিষয়ে দেশের প্রতিটি সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে ড. মঈন খান বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করেছেন, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। উল্লেখ্য, সরকারের এই 'ফ্যামিলি কার্ড' কর্মসূচিটি ২০২৬ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

রাজনৈতিক প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী বলেন, "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, বরং আইনের শাসনে বিশ্বাস করি। তবে যারা আইনের অপব্যবহার করে অপরাধে লিপ্ত হবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

 

এবি/জেএফ