চৌদ্দগ্রামে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ৩০, আশঙ্কাজনক ১
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা একজনসহ ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘তিশা প্লাটিনাম পরিবহন’-এর একটি বাস আমজাদের বাজার এলাকায় পৌঁছালে হুট করে সামনে চলে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি আইল্যান্ড বা সড়কের ওপর উল্টে যায় এবং ভেতরে থাকা প্রায় ৩০ জন যাত্রী আঘাত পান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রাথমিক অবস্থায় ২১ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় তাদের মধ্য থেকে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঞাবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির হোসেন জানান, অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবি/জেএফ





