ভালোবাসা দিবসের আগেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে হলিউডের 'ক্রাইম ১০১'
ভালোবাসা দিবসের ঠিক আগের দিন, ১৩ই ফেব্রুয়ারি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের নতুন সিনেমা ‘ক্রাইম ১০১’। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন।
ডন উইন্সলোর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলারটির পরিচালনা করেছেন বার্ট লেটন। সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে এবং হ্যালি বেরির মতো তারকারা। গত ২৮ জানুয়ারি লন্ডনে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে মুক্তির অংশ হিসেবে একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।