মীরসরাইয়ে কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ আগুন

চট্টগ্রামের মীরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নাছির কারখানা’ নামের একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Sep 26, 2026 - 21:57
Sep 26, 2026 - 21:58
মীরসরাইয়ে কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ আগুন

চট্টগ্রামের মীরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নাছির কারখানা’ নামের একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের মতো বিকট শব্দের পর মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কারখানায় দাহ্য কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে প্রায় দেড় ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা জানান, "অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের মূল কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।"

এদিকে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পরপরই নাছির কারখানার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল থেকে সটে যান। ফলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এবি/জেএফ