‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে থাকছেন না দীপিকা: কাস্টিং ও শুটিং নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক
‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বে অন্যতম কেন্দ্রীয় চরিত্র সুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। গল্পের বড় একটা অংশ তাকে কেন্দ্র করে আবর্তিত হলেও, দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে যে সিক্যুয়েলে থাকছেন না তিনি।
‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বে অন্যতম কেন্দ্রীয় চরিত্র সুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। গল্পের বড় একটা অংশ তাকে কেন্দ্র করে আবর্তিত হলেও, দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে যে সিক্যুয়েলে থাকছেন না তিনি। এর মাঝেই পরিচালক নাগ অশ্বিন সাফ জানিয়ে দিয়েছেন, ছবিতে নতুন করে বড় কোনো চরিত্র যুক্ত হচ্ছে না।
দীপিকার বাদ পড়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, তার গুরুত্বপূর্ণ চরিত্রটিতে কি নতুন কোনো অভিনেত্রীকে নেওয়া হবে, নাকি চরিত্রটি গল্প থেকেই ছেঁটে ফেলা হবে? তবে নাগ অশ্বিনের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলছে, দীপিকার জায়গায় নতুন কাউকে কাস্ট করা হচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিক্যুয়েল প্রসঙ্গে নাগ অশ্বিন বলেন, "দ্বিতীয় পর্বে নতুন কোনো চরিত্র যুক্ত হচ্ছে না। প্রথম ছবিতে আমরা যে গল্পটি শুরু করেছিলাম, ঠিক সেখান থেকেই মূল কাহিনিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।"
একই সাক্ষাৎকারে ছবিটির নির্মাণকাজ ও শুটিংয়ের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন পরিচালক। তিনি জানান, কমল হাসান ও অমিতাভ বচ্চনের বেশ কিছু একক দৃশ্য চলতি বছরের শুরুর দিকেই শুট করা হয়েছে। এমনকি ফেব্রুয়ারিতে দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গে শুটিংয়েও অংশ নেন। তবে নায়ক প্রভাসের পূর্ব নির্ধারিত কাজের ব্যস্ততার কারণে ছবির পূর্ণাঙ্গ কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।
শুটিংয়ের বর্তমান অবস্থা জানিয়ে নাগ অশ্বিন আরও বলেন, "সব শিল্পীর শিডিউল জটিলতা এখন কেটে গেছে। আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে পুরোদমে রেগুলার শুটিং শুরু করব। আশা করছি, আগামী ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ পুরো শুটিং সম্পন্ন করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করতে পারব।"
ছবিটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে—এমন প্রশ্নের জবাবে পরিচালক স্পষ্ট করে জানান, সব পরিকল্পনা ঠিক থাকলে সিনেমাটি নিশ্চিতভাবেই ২০২৮ সালে মুক্তি পাবে।
এবি/জেএফ





