যুক্তরাজ্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি: আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩ শতাংশ
জুলাইয়ের সামান্য মন্দা কাটিয়ে আগস্ট মাসে যুক্তরাজ্যের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
জুলাইয়ের সামান্য মন্দা কাটিয়ে আগস্ট মাসে যুক্তরাজ্যের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতাংশ। এর ওপর ভর করে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩.৭৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে মোট ৯১৫.৬৩ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৮২.৬২ মিলিয়ন ডলার। সেই হিসাবে দুই মাসের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৩.১ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, জুলাই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২.৪৪ শতাংশ হ্রাস পেয়েছিল। তবে আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করায় জুলাইয়ের সেই ঘাটতি কাটিয়ে উঠে ইতিবাচক ধারায় ফিরেছে খাতটি।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭.৮২ মিলিয়ন ডলারে। এর বিপরীতে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যের বাজার থেকে পোশাক খাতে মোট আয় এসেছিল ৪.৩৯ বিলিয়ন ডলার, যার মাসিক গড় ছিল ৩৬৫.৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসের মাসিক গড় প্রায় ২৫ শতাংশ বেশি। এমনকি বিগত অর্থবছরের পুরো বছরের মোট আয়ের ২০.৮৬ শতাংশ অর্জিত হয়েছে মাত্র এই দুই মাসেই।
ইপিবির মতে, আগস্টের এই শক্তিশালী ঘুরে দাঁড়ানোই অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে মুখ্য ভূমিকা পালন করেছে।
যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের অন্যতম শীর্ষ ও গুরুত্বপূর্ণ বাজার। অর্থবছরের শুরুতেই এ বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকা দেশের সামগ্রিক পোশাক রপ্তানি খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে।
এবি/জেএফ





