শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: হুশিয়ারি শিক্ষামন্ত্রীর

Feb 18, 2026 - 17:13
শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: হুশিয়ারি শিক্ষামন্ত্রীর

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, "২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। সেই সময়ে কোনো দুর্নীতি হয়নি। এবারও শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না।"

এ সময় প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।