বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় কিং খান

ভারতের মধ্যে সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখই। তার পরেই আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার (৭ হাজার ৭৯০ কোটি টাকা)।

Oct 2, 2025 - 11:37
 0
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় কিং খান
সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খান নতুন ইতিহাস গড়লেন। অভিনয় দক্ষতা, তারকাখ্যাতি ও বহুমুখী ব্যবসায়িক উদ্যোগের সুবাদে তিনি জায়গা করে নিলেন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায়। শুধু তাই নয়, প্রথমবারের মতো পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পত্তি এখন দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)।

৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বলিউড বাদশা শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি। তার আয়ের বড় উৎস—রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা, অত্যাধুনিক ভিএফএক্স স্টুডিও, জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স স্পোর্টস-এ অংশীদারিত্ব, এবং মধ্যপ্রাচ্যে বিপুল স্থাবর সম্পত্তি।

তালিকায় শাহরুখ খানের নিচে আছেন—

পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার),

হলিউডের অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার),

কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার),

গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের মধ্যে সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখই। তার পরেই আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার (৭ হাজার ৭৯০ কোটি টাকা)। তৃতীয় স্থানে হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থে কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

অভিনয়, ব্যবসা ও বৈশ্বিক প্রভাব—সব মিলিয়ে শাহরুখ খান শুধু বলিউডের নায়ক নন, এখন তিনি আন্তর্জাতিক অঙ্গনেরও অন্যতম প্রভাবশালী ধনী তারকা।

এবি/সিএস